দেশের গণতান্ত্রিক রূপান্তর কোন পথে, তা নিয়েও বিতর্ক হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী
“দেশে গণতন্ত্রের সংকটের একটা বড় কারণ হচ্ছে, আমরা বাস্তব বিতর্কগুলো করতে জানি না,” বলেন জহির উদ্দিন স্বপন।
দেশের গণতান্ত্রিক রূপান্তর ঠিকঠাক এগোচ্ছে কিনা, তা নিয়েও বিতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন।
তিনি বলেছেন, “এত রক্ত, সংগ্রাম, প্রাণ ও বিসর্জনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ কতটা উত্তরণ ঘটাতে পেরেছে, সেই প্রশ্ন এখন সামনে এসেছে।
“গণতান্ত্রিক রূপান্তর কতটা বেগবান, কতটা সঠিক এবং কোন পথে এগোচ্ছে— এগুলো নিয়েও বিতর্ক হওয়া প্রয়োজন।”
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এ অনুষ্ঠানে বিতর্কের পাশাপাশি প্যানেল ডিসকাশন ও আলোচনা সভাও হয়।
দেশে গণতন্ত্র নিয়ে বাস্তব ও গঠনমূলক বিতর্ক চর্চার অভাব রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিতর্কের মাধ্যমে চিন্তার জগতকে সমৃদ্ধ করা যায়। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মতো সংগঠনগুলোকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
“আমাদের দেশে গণতন্ত্রের সংকটের একটা বড় কারণ হচ্ছে, আমরা বাস্তব বিতর্কগুলো করতে জানি না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও ডিবেটিং সোসাইটির মডারেটর .এস এম শামীম রেজা উপস্থিত ছিলেন।
