ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তিতে সেমিনার
অনুষ্ঠানে 'ক্রিটিক অ্যান্ড কনস্ট্রাকশন ইন দি ডিকলোনাইজেশন অব নলেজ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সোসিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ ফরিদ আলাতাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্মারক বক্তৃতার মধ্য দিয়ে এ অনুষ্ঠানমালা শুরু হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে 'ক্রিটিক অ্যান্ড কনস্ট্রাকশন ইন দি ডিকলোনাইজেশন অব নলেজ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সোসিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ ফরিদ আলাতাস।
অধ্যাপক আলাতাস তার বক্তব্যে বিশ্ব জুড়ে জ্ঞানচর্চার ক্ষেত্রে ঔপনিবেশিক ধারার মূল্যায়ন করেন এবং এ ক্ষেত্রে প্রাচ্য ধারার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
বিশ শতকের শেষ এবং একুশ শতকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াসহ বিভিন্ন দেশে জ্ঞানের বিউপনিবেশায়নের নানা দিক তুলে ধরে তিনি ভবিষ্যতে জ্ঞানচর্চায় প্রাচ্য ধারাকে বেগবান করে তোলার ওপর জোর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির যৌথ প্রচেষ্টায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক এ কে এম খাদেমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পারভীন হাসান বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের ভাবনাকে স্বাগত জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন।
তিনি বাংলাদেশে জ্ঞানচর্চার ক্ষেত্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
