Published : 26 Oct 2025, 07:18 PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ কর বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা।
একইসঙ্গে অভিন্ন টিউশন ফি নীতিমালা চালু এবং লেট ফি, অতিরিক্ত ফিয়ের নামে আর্থিক হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে রোববার ইউজিসিকে সংগঠনটি স্মারকলিপি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে-
>>বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১০ শতাংশ শুল্ক বাতিল করতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে নয়, শিক্ষার্থীদের স্বার্থেই পরিচালিত হবে এমন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
>>অভিন্ন টিউশন ফি নীতিমালা চালু করতে হবে। টিউশন ফি নির্ধারণে শিক্ষার্থীদের আর্থ সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে বর্ধিত টিউশন ফি কমাতে হবে।
>>লেট ফি, অতিরিক্ত ফি কিংবা জরিমানা আরোপের নামে আর্থিক হয়রানি বন্ধ করতে হবে।
>>ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
>>বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন গ্রেডিং নীতিমালা চালু করতে হবে।
>>বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে।
>>ট্রাই সেমিস্টার পদ্ধতি বন্ধ করে সেমিস্টার পদ্ধতি চালু করতে হবে। অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশন ও পরীক্ষার চাপ কমাতে হবে।
>>বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় সম্প্রীতি ও সব ধরনের সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে।
>>শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ পরিবহন সেবা নিশ্চিত করতে হবে। মেডিকেল সেন্টার নির্মাণ ও সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ দিতে হবে। আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।
স্মারকলিপি দেওয়ার আগে দুপুরে শাহবাগে সংবাদ সম্মেলন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে উপস্থিত ছিলেন শাখা সভাপতি নাবিন আবতাহি, সহসভাপতি হেমন্ত কুমার বর্মণ, সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞা, দপ্তর সম্পাদক লিয়াকত আলী লিটন, অর্থ সম্পাদক তারমিন আহমেদ তিশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ইনচার্জ পংকজনাথ সূর্য ও ঢাকা নগর সাধারণ সম্পাদক নাহিয়ান রেহমান রাহাত।