২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মনোনয়নপত্র সংগ্রহে সময় বৃদ্ধি ‘পক্ষপাতী আচরণ’: ফরহাদ

“চব্বিশ পরবর্তী সময়ে আমরা শিক্ষকদের কাছ থেকে এমন রেসপন্স চাই, যা সকল শিক্ষার্থীদের জন্য সমান,” বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন বাড়ানোকে পক্ষপাতী আচরণ হিসেবে দেখছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

তার ভাষ্যে, “আমরা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজকে আমার জমা দিয়েছি। আমরা গতকাল থেকে কয়েকটি বিষয় দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে একদিন মনোনয়নপত্র সংগ্ৰহের দিন বাড়াল। 

“এটি স্পষ্ট একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের পক্ষপাতী আচরণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকার দরকার ছিল যে- তারা যেই তারিখ ঘোষণা করবেন, সেই তারিখ মেইনটেইন করে শিক্ষার্থীদের যে রায় তা প্রকাশ করবেন।”

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়া পর তিনি এ মন্তব্য করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিন সোমবার ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘মব’ তৈরি করে ছাত্রদলকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর মনোনয়ন ফরম সংগ্রহের জন্য একদিন বাড়ায় নির্বাচন কমিশন।

এস এম ফরহাদ বলেছেন, “কোনো ধরনের পূর্বালোচনা ছাড়াই সরাসরি একদিন বাড়িয়ে দেওয়া, বাকিরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবং বাকিদের সিদ্ধান্ত গ্ৰহণ ও পলিসি মেকিংয়ের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্ৰহণের সামগ্ৰিক সুবিধা দেওয়া এটা খুবই দুঃখজনক।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্ৰিক প্রশাসনে বিশেষ করে প্রক্টর থেকে শুরু করে প্রভোস্ট ও বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ লক্ষ্য করেছি। 

“চব্বিশ পরবর্তী সময়ে আমরা শিক্ষকদের কাছ থেকে এমন রেসপন্স চাই, যা সকল শিক্ষার্থীদের জন্য সমান। আমরা আগামীতে এই ধরনের পক্ষপাতী আচরণ চাই না।”

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সে দিন পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেন তফসিলে ঘোষিত শেষ দিনে এসে। আগের আট দিনে নেন ১২৩ জন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।