Published : 16 Jun 2026, 11:45 AM
চিটাগং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির (সিআইইউ) একটি প্রতিনিধিদল সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর করেছে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়ংওয়ান-সিআইইউ অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের একটি দল এ পরিদর্শনের সুযোগ পান।
তারা দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান, ইয়ংওয়ান করপোরেশন, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ), দ্য নর্থ ফেস অফিস, সুকমিয়ং উইমেন্স ইউনিভার্সিটি, ইয়নসে ইউনিভার্সিটি, সেভেরেন্স হসপিটাল ও এলজি ইনোভেশন স্ট্র্যাটেজি সেন্টার পরিদর্শন করেন। এ সফরে শিক্ষার্থীদের সঙ্গে সিআইইউর দুজন শিক্ষকও ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে প্রতিনিধিদল গবেষণা সহযোগিতা, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম উন্নয়ন এবং ব্যবসায় শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করে।
পাশাপাশি বৈশ্বিক অ্যাকাডেমিক ও শিল্পখাতের আধুনিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
সিআইইউ কর্তৃপক্ষ বলছে, “এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, বৈশ্বিক অ্যাকাডেমিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা আরও জোরদার হবে।”
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিআইইউর চলমান সহযোগিতার অংশ হিসেবে চলতি বছরের শুরুতে সুকমিয়ং উইমেন্স ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সিআইইউ পরিদর্শন করেন।
ইয়ংওয়ান করপোরেশনের উদ্যোগে আয়োজিত ওই সফরে তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে প্রতিনিধিদল সিআইইউর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্যাম্পাস পরিদর্শন এবং ওরিয়েন্টেশন সেশনে অংশগ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সিআইইউ মনে করছে, দক্ষিণ কোরিয়ার শিক্ষা ও শিল্পখাতের সঙ্গে এ ধরনের পারস্পরিক সফর ও সহযোগিতা সিআইইউর আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে গবেষণা, উদ্ভাবন, শিক্ষার মানোন্নয়ন এবং বৈশ্বিক দক্ষতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।