Published : 03 Jan 2026, 09:14 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন ৪৭ হাজার ৩৬২ জন; উপস্থিতির হার ৯১ দশমিক ৯৯ শতাংশ।
শনিবার বেলা সোয়া ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
এ ইউনিটে পরীক্ষা দিতে ৫১ হাজার ৫০৫ জন আবেদন করেছিলেন।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী এদিনের উপস্থিতির তথ্য দেন।
ভর্তি পরীক্ষার ঢাকা কেন্দ্রে উপস্থিতির হার ৯০ দশমিক ১৮ শতাংশ, রাজশাহীতে ৯৩ দশমিক ০৭ শতাংশ এবং চট্টগ্রাম কেন্দ্রে ৯৩ দশমিক ৫৫ শতাংশ বলে জানান তিনি।
এ ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। সমাজবিজ্ঞান, আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ এবং ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে গঠিত এ ইউনিটে আসন প্রতি লড়েন প্রায় ৬০ জন শিক্ষার্থী।
এরপর ৯ জানুয়ারি সি’ ইউনিট, ‘বি’ ইউনিট ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিট ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিট ৬ জানুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।