Published : 28 Nov 2025, 02:31 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা হয়েছে সাড়ে ১২টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছে।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১টি আসনের বিপরীতে ৮০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। ফলে ৭৯জনই ভর্তির সুযোগ পাবে না। তাদের মনে রাখতে হবে ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়।”
ভর্তি পরীক্ষা ঘিরে সন্তানদের উপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি না করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) শনিবার অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে।
এরপর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’এর ভর্তি পরীক্ষা হবে আগামী ৬ ডিসেম্বর (শনিবার)। ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর ভর্তি পরীক্ষার তারিখ পড়েছে আগামী ১৩ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’এর ভর্তি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর (শনিবার)।
প্রত্যেক ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হবে। দেড় ঘণ্টার এই পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।