Published : 12 Dec 2025, 08:31 PM
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
ওই ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির নেতারা এক বিবৃতিতে বলেছেন, এটি মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে, দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।
বিবৃতিতে বলা হয়, “এই হামলা শুধু ওসমান হাদীর ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।”
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানান হাসপাতালের পরিচালক।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে সাদা দলের বিবৃতিতে বলা হয়, “হামলার পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখার দাবি রাখে। হামলার পেছনের মূল পরিকল্পনাকারী ও সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।
“হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একইসঙ্গে সরকার অবিলম্বে সকল স্তরের রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”