২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলা, ক্যাম্পাসে বিক্ষোভ

অভিযুক্ত যুবদল নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 04:38 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

পুরান ঢাকায় যুবদল নেতা শহীদুল হকের সহিদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার বিচার চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছেন সতীর্থরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সমাবেশে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘যে হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই হাসপাতালে, খুনিরা কেন বাইরে’- এমন নানা স্লোগান দেন।

সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, “গতকাল ধোলাইখালে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় হামলাকারীরা যে দলের, যে গোষ্ঠীর, যে মতেরই হোক না কেনে- তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা একতাবদ্ধ ও আপসহীন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলাকারী শহিদুল ও তার দোসররা যে দলেরই হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে না আসলে ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে।”

সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার ধোলাইখাল টং মার্কেট মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ইতিহাস বিভাগের মোট আট শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের পাঁচজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- নাহিদ, জাহিদ, ইশতিয়াক, আল মামুন ও হাবিবুর রহমান।

আহত বাকি তিনজনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- আবু বকর সিদ্দিক, আকাশ ও আবু সাঈদ।

আহতদের ভাষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম সম্রাট ধোলাইখাল এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভুলক্রমে তিনি নির্মাণাধীন একটি ভবনের ঢালাইয়ের ওপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করা হয়। 

খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরও আটকে রেখে মারধর করেন। এ হামলায় নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদ। তিনি ৩৮ নম্বর ওয়ার্ড (ওয়ারী থানা) যুবদল এবং নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বক্তব্য জানতে সহিদকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে সহিদকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আমরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করিয়েছি। সেখানে সহকারী প্রক্টররা রাত্রে ছিলেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাড়ির ভেতরে প্রবেশ করে কাউকে না পেয়ে চলে আসে।”

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধোলাইখাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। শহীদুল হকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।”