জানাজা শেষে বাড়ির পথে সাম্যের কফিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন তার জানাজায়।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের জানাজা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার বাদ জোহর এই জানাজায় অংশ নেন।
এছাড়া বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, নিহতের বড় ভাই আনোয়ারুজ্জামান সাগরসহ ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সাম্যের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকের সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন ২৫ বছর বয়সী সাম্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তারা তিনজনেই ‘বহিরাগত’।
