১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৭৫ বছর পূর্তিতে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বছরব্যাপী কর্মসূচি

৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 04:17 PM

Updated : 26 Jan 2024, 04:17 PM

প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আনোয়ার-উল আলম চৌধুরী  জানান।

বছরব্যাপী কর্মসূচি-

* ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, কার্জন হল, সায়েন্স এনেক্স, চারুকলা, লেদার টেকনোলজি, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচি।

* প্লাটিনাম জুবিলী উপলক্ষে ৭৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রকাশনা।

* ২৭ জানুয়ারি  বিকেল ৩টায়, ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সংগঠনসমূহের কর্মকর্তাদের পুনর্মিলনী ও সম্মননা প্রদান অনুষ্ঠান। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটি, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হবে।

এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন সভাপতি  এ. কে. আজাদ, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ , নির্বাহী কমিটির সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আফজাল হোসেন ও মহিলা সংরক্ষিত আসনের অ্যারোমা দত্তকে সংবর্ধনা দেওয়া হবে।

এছাড়া ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সুদীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি  সৈয়দ মঞ্জুর এলাহীকে সম্মাননা দেওয়া হবে।

* ১০ ফেব্রুয়ারি  ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবার প্রচারমূলক কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী 'মেন্টাল হেলথ ফেয়ার'। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক  এ এস এম মাকসুদ কামাল।

*ফেব্রুয়ারি থেকে জুলাই ২০২৪ পর্যন্ত ৭টি বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হবে।

* এপ্রিল মাসের শেষের দিকে টিএসসিতে জব ফেয়ার করা হবে।

* ১১ মে  থেকে ১৭ মে ২০২৪ পর্যন্ত টিএসসিতে অ্যালামনাই সপ্তাহ উদযাপন করা হবে।  এতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিগত দিনের কর্মকাণ্ডের আলোকচিত্র এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল প্রকাশনার প্রদর্শনী ও বিক্রয় করা হবে।

* প্লাটিনাম জুবিলি উপলক্ষে 'অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাস ও ঐতিহ্য' সম্বলিত লেখায় একটি তথ্যবহুল গ্রন্থ প্রকাশ করা হবে।

* চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে প্লাটিনাম জুবলি মিলনমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের  মহাসচিব মোল্লা মো. আবু কাওছার,  যুগ্ম মহাসচিব  সুভাষ চন্দ্র সিংহ রায়,  প্রচার সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।