১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে হয়ে গেল ‘নাসা ডে’

এ আয়োজন পরিচালনা করেন নাসা ও ইএসএ এর স্পেস ক্যাম্প অ্যাম্বাসেডর আফরোজ আল মামুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ঢাকার লালমাটিয়ায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুল প্রথমবারের অনুষ্ঠিত হলো স্পেস লিডারশিপ প্রোগ্রাম—নাসা ডে।

নাসা ও হিমালয়ান স্পেস সেন্টারের সহযোগিতায় রোববার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিল্ড অ্যান্ড ব্লাস্ট-অব ইয়োর স্পেস রকেট’ শিরোনামে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা হাতে-কলমে শিক্ষা, দলগত কাজ এবং মহাকাশ বিজ্ঞানের অনুসন্ধানে ‘অনন্য অভিজ্ঞতা’ পেয়েছে। এ আয়োজন পরিচালনা করেন নাসা ও ইএসএ এর স্পেস ক্যাম্প অ্যাম্বাসেডর আফরোজ আল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানো, সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা এবং বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করতেই এ আয়োজন করা হয়।

শিক্ষার সঙ্গে আনন্দকে সমন্বয় করতে দিনভর নানা রকমের সৃজনশীল, বৈজ্ঞানিক ও বিনোদনমূলক কর্মসূচি ছিল—

•    ওয়ার্ম-আপ গেমস: এক পায়ে ভর দেওয়া, দড়ি লাফ ও হপস্কচের মতো খেলা, যা শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তার গুরুত্ব শেখায়।

•    পিং পং ও ট্যাংগ্রাম: আইস-ব্রেকিং গেমস যা দলগত চেতনা, আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।

•    স্ট্র ও রকেট লঞ্চার: শিক্ষার্থীরা প্রথমে থ্রিডি রকেট মডেল তৈরি করে এবং প্রীতি প্রতিযোগিতামূলকভাবে তা উৎক্ষেপণ করে।

•    অ্যাস্ট্রোনট ফাইন্ডিং: জ্ঞানভিত্তিক খেলা, যেখানে চাপের মুখেও শান্ত থেকে সমস্যা সমাধান শেখানো হয়।

•    প্যারাসুট উইথ কাপস: বাস্তব জীবনে প্যারাসুট কীভাবে কাজ করে তা সহজে শেখানো হয়।

•    রোভার বিল্ডিং: হাতে-কলমে মঙ্গল গ্রহের রোভার নির্মাণের অনুরূপ যান তৈরির অনুশীলন করানো হয়।

•    ওয়াটার রকেট: প্লাস্টিক বোতল পুনঃব্যবহার করে রকেট বানানো, যা টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী চিন্তার শিক্ষা দেয়।

•    ভার্চুয়াল রিয়েলিটি: এর মাধ্যমে ইন্টারেক্টিভ ও গেমের মতো পরিবেশে মহাকাশ ও রকেট ধারণা শেখানো হয়।