ঢাবি শিক্ষার্থী পরিচয়ে নারী সার্জেন্টের সঙ্গে ‘দুর্ব্যবহার’, জেল-জরিমানা
“দুজনই চাকরিজীবী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে খারাপ আচরণ করেন,” বলেন লালবাগ থানার ওসি।
রাজধানীতে হেলমেট ছাড়া বাইক চালানো দুই তরুণ এক নারী সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করায় তাদের এক দিনের জেল ও দুই হাজার টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঢাকার আজিমপুর চৌরাস্তায় বুধবার বিকালে শুভ ও অভি নামে দুজনকে ওই দণ্ডাদেশ দেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান; সাজা খেটে বৃহস্পতিবার তারা মুক্তি পেয়েছেন।
লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, “তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। দুজনই চাকরিজীবী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে খারাপ আচরণ করেন।”
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বুধবার বিকালে আজিমপুর চৌরাস্তায় কর্তব্যরত নারী সার্জেন্ট হেলমেটবিহীন বাইক চালানোর কারণে চালক শুভকে সিগন্যাল দিয়ে থামান। তার পেছনে ছিলেন অভি। সার্জেট ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তারা ‘দুর্ব্যবহার’ করেন।
পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার মাহতাব হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে গিয়ে তারা সার্জেন্টকে কাগজপত্র আনতে বলেন। এরপর সার্জেন্ট লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজনকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেন।
