Published : 07 Jul 2026, 09:34 PM
বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
বিশ্ববিদ্যালয়টি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এ প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২৪ জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
“এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাদের দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
“১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ।”
মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামে টিউশন ফি মওকুফ বা ছাড় দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে তথ্য দিয়েছে আইএসইউ।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদের অধীনে ৮টি বিভাগ চালু রয়েছে।