১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সস্তা শ্রমের অর্থনীতি’ থেকে সরে আসার তাগিদ হোসেন জিল্লুর রহমানের

“মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেটাই এ দেশের ইতিবাচক দিক,” বলেন হোসেন জিল্লুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 09:50 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

দেশের অর্থনীতিকে ‘সস্তা শ্রমনির্ভর’ হিসেবে মূল্যায়ন করে তা থেকে বেরিয়ে আসার কথা বলেছেন অর্থনীতির বিশ্লেষক হোসেন জিল্লুর রহমান।

এ কারণে দেশের অর্থনীতি এক জায়গায় ‘আটকে আছে’ বলেও মনে করছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক পাবলিক লেকচারে তিনি বলেন, "গার্মেন্টস ও রেমিটেন্সের মতো সস্তা শ্রমনির্ভর অর্থনীতি থেকে আমাদের বের হতে হবে। রাষ্ট্রীয় আচারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে ধারণ করতে পারছি না। 

"তারুণ্যের আধিক্য বা ডেমোগ্রাফিক ডিভেডেন্ডও খুব একটা কাজে লাগাতে পারছি না। এসবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে।"

'পরিবর্তনের চাবিকাঠি : আজকের জিজ্ঞাসা' শিরোনামে এ অনুষ্ঠান হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দেশের অর্থনীতিতে পরিবর্তন আনার জন্য ছয়টি চালিকাশক্তির কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে, বর্ণনা (ন্যারেটিভ), প্রতিষ্ঠান (ইন্সটিটিউশান), সামাজিক রীতিনীতি (নরমস্), উদ্যোগ (ইনিশিয়েটিভস), ক্ষমতা (পাওয়ার) ও গোষ্ঠীতন্ত্র (ইন্টারেস্টেড গ্রুপ)।

এসব চালিকাশক্তির প্রভাব ইতিবাচক এবং নেতিবাচকভাবে অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে, তা তুলে ধরেন তিনি। 

১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের উদাহরণ টেনে হোসেন জিল্লুর রহমান বলেন, "বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, এটাই এদেশের ইতিবাচক দিক। সংকটের সময়ে এদেশের নাগরিকদের নানা উদ্যোগ ও উদ্ভাবনা সংকট কাটাতে কাজে লেগেছে।"

সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, "উন্নয়নের সুফল সমাজের ভয়েজ দুর্বল মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যে বিশেষ নজর দিতে হবে। আমাদের সমাজে নায্যতার যে ঘাটতি রয়েছে তা দূর করতে হবে।"

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান।