২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যমুনা ফিউচার পার্কে চলছে ‘হুরাইন ফেব্রিক সপ্তাহ’

“এটার মাধ্যমে আমরা ক্রেতাদের বলতে চাচ্ছি, আমাদের ফেব্রিক দিয়ে পোশাক তৈরি করলে লুকিংটা এরকম আসবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 05:25 PM

Updated : 27 Feb 2024, 05:28 PM

নতুন ১৬৫টিসহ সাড়ে ৪ হাজার ফেব্রিক নিয়ে যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে তিন দিনের ‘হুরাইন ফেব্রিক সপ্তাহ’। 

মঙ্গলবার হুরাইন ফেব্রিক গ্যালারিতে এ প্রদর্শনী উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। 

সামনের বছরের মৌসুমকে মাথায় রেখে হুরাইন এইচটিএফ বছরে দুইবার প্রদর্শনীর করে থাকে। এবার ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্মকালের জন্য প্রদর্শনী হচ্ছে, যেখান থেকে প্রয়োজনীয় পণ্য বাছাই করতে পারছেন পোশাক খাতের দেশি-বিদেশি অংশীদাররা। বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পণ্য বাছাই করতে হবে তাদের। 

আয়োজকরা বলছেন, ফেব্রিকের জগতে বাংলাদেশকে তুলে ধরতেই এই প্রয়াস। 

হুরাইন এইচটিএফের প্রধান বিপণন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, “এটার মাধ্যমে আমরা ক্রেতাদের বলতে চাচ্ছি, আমাদের ফেব্রিক দিয়ে পোশাক তৈরি করলে লুকিংটা এরকম আসবে। তারা চাইলে ভিন্ন শৈলীতেও তৈরি করতে পারে।” 

হুরাইন এইচটিএফ সাধারণত বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য কাপড় তৈরি করে থাকে। এর বাইরে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে তারা সরাসরি ফেব্রিক রপ্তানি করছে। 

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কাপড় দিয়ে তৈরি বিভিন্ন শৈলীর পোশাক প্রদর্শন করা হচ্ছে ‘হুরাইন ফেব্রিক সপ্তাহ’য়। 

যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, “আমরা এমন কিছু ফেব্রিক করে থাকি, যেটা অন্যান্য জায়গায় হয় না; যাতে বাইরের দেশের ক্রেতারা বাংলাদেশে মুভ করে। 

“তারা যে ধরনের ফেব্রিকে ফোকাস করে, ওই ধরনের আইটেম যেন বাংলাদেশে পায়।”