স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘ডিজিটাল সলিউশন’ নিচ্ছে মেডিটেরানিয়ান শিপিং
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলছে, শিপিং ইন্ডাস্ট্রির জন্য এমন আধুনিক আর্থিক লেনদেনের সলিউশন দেশে এটিই প্রথম।
অভ্যন্তরীণ লেনদেন প্রক্রিয়া সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি।
এক বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানায়, এই চুক্তির ফলে মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির উদ্যোক্তাদের নিজেদের মধ্যে লেনদেনের একটি সংযোগ তৈরি হবে।তাতে শিপিং কোম্পানির অর্থ পরিশোধ ও তহবিল ব্যবস্থাপনার কাজটি দৃশ্যমান ও দ্রুত নিষ্পন্ন হবে।
ব্যাংকের ইউনিভার্সাল অ্যাডাপ্টার টুলের মাধ্যমে এই সংযোগ ব্যবস্থা পরিচালিত হবে বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিপিং ইন্ডাস্ট্রির জন্য এমন আধুনিক আর্থিক লেনদেনের সলিউশন দেশে এটিই প্রথম।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ট্রানজেকশন ব্যাংকিং-এর কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান; হেড অব ক্লায়েন্ট কভারেজ (চট্টগ্রাম) শামীম ইকবাল; মেডিটেরানিয়ান শিপিংয়ের সিএফও এটিএম আনিসুল মিল্লাত এবং মহা ব্যবস্থাপন (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) রাশেদ করিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লুৎফুল আরেফিন খান অনুষ্ঠানে বলেন, “এন্ড-টু-এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া রি-ইঞ্জিনিয়ারিং করে এবং প্রতিটি ধাপে সেরা অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লায়েন্টদের জন্য বরাবরই সেরা সল্যুশন নিশ্চিত করে থাকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে হোস্ট-টু-হোস্ট সংযোগ প্রদান করে আসছে।
“বর্তমানে দেশজুড়ে ৮০টির বেশি ক্লায়েন্ট আমাদের প্রক্রিয়াগত কার্যকারিতা, ঝুঁকি হ্রাস, ম্যানুয়াল হস্তক্ষেপ হ্রাস, এবং উন্নত স্বচ্ছতা সুবিধা পাচ্ছে। মেডিটেরানিয়ান শিপিংয়ের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত এবং ভবিষ্যৎ নিয়েও আশাবাদী।“
এটিএম আনিসুল মিল্লাত বলেন, “এই সলিউশনের মাধ্যমে আমাদের পেমেন্ট, কালেকশন, এবং রিকন্সিলেশন প্রক্রিয়া আরও উন্নত ও সহজ হবে। আমরা ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মাধ্যমে ব্যাংকের প্লাগ-অ্যান্ড-প্লে হোস্ট-টু-হোস্ট ইন্টিগ্রেশন সলিউশন এবং ভার্চুয়াল অ্যাকাউন্ট সলিউশন দেখে সত্যিই মুগ্ধ। এটি আমাদের দৈনন্দিন ট্রেজারি ম্যানেজমেন্টের সমস্যাগুলো কমিয়ে আনছে।”
