২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে উড়োজাহাজের টিকেট কেনার সুযোগ বাড়ল

১৭টি বিদেশি উড়োজাহাজের টিকেট কেনা যাবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে।

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে উড়োজাহাজের টিকেট কেনার সুযোগ বাড়ল

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 10:31 PM

Updated : 28 Sep 2026, 10:31 PM

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি উড়োজাহাজের টিকেট কেনার ক্ষেত্রে সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭টি বিদেশি উড়োজাহাজের টিকেট কেনা যাবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে। বিদেশি এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকেট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও টিকেট কেনা যাবে।

বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকেট কিনতে পারবেন।

বর্তমানে টিকেট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করা হয়ে থাকে। এখন অর্থ নিষ্পত্তির তৃতীয় পক্ষ ছাড়াই বিদেশি উড়োজাহাজগুলোর টিকেট কেনার সুযোগ তৈরি হল।

এর মাধ্যমে টিকেট বিক্রিতে পাওয়া অর্থ পেতে স্থানীয় ব্যাংকের উপর নির্ভরতা কমবে বিদেশি উড়োজাহাজ কোম্পানিগুলোর।

টিকেট কেনা বাবদ খরচ হওয়া অর্থ বৈদেশিক মুদ্রার ভ্রমণসীমার কোটার বাইরে থাকবে। টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে ব্যাংক, যা ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে হবে।

এর মাধ্যমে অনলাইনে টিকেট কেনা আরও সহজ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।