Published : 31 Dec 2025, 06:01 PM
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ‘ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (আইবিসিসিআই)।
শোকবার্তায় সংগঠনটি বলেছে, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। জনসেবার প্রতি তার অবিচল আত্মত্যাগ এবং গণতন্ত্রের প্রতি সুদৃঢ় প্রতিশ্রুতি জাতিতে স্থায়ী ছাপ রেখে গেছে।
“বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারীদের সকল প্রতিবন্ধকতা দূর করেছেন, নেতৃত্বে নারীদের আসার পথ খুলেছেন। সেইসঙ্গে তার সাহস ও অটল ব্যক্তিত্ব প্রজন্মগুলোকে অনুপ্রেরণা যুগিয়ে আসছে।”
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৪০ দিন ধরে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া মারা গেছেন মঙ্গলবার ভোরে। বুধবার বিকালে তাকে স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়েছে।
আইবিসিসিআই বলেছে, “রাজনৈতিক জীবনে খালেদা জিয়া অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সংকল্প, দৃড় প্রত্যয়ে সেগুলো মোকাবিলা করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে এবং জনগণের কল্যাণে অবিরাম কাজ করে গেছেন।
“গণতন্ত্রের নীতির প্রতি তার নেতৃত্ব, লক্ষ্য ও অবিচল প্রতিশ্রুতি সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এই ক্ষতি পূরণ হবার নয়। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশেরর জনগণের প্রতি আমরা গভীর সমবেবদনা প্রকাশ করছি।”