১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের ঘাটতি: ২ মাসের বিল ১২ মাসে দিতে চায় বিকেএমইএ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে চিঠি পাঠিয়ে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 10:45 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

গ্যাস-বিদ্যুতের বিল কিস্তিতে পরিশোধের দাবি জানিয়েছে নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন— বিকেএমইএ।

চলতি বছরের জুলাই ও অগাস্ট মাসের বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো চিঠিতে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এ আবেদন জানান।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা বলেছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চিঠিটি দেওয়ার পর আমাদের সভাপতি মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন।”

গত ৯ অগাস্ট পাঠানো ওই চিঠিতে বলা হয়, জুলাই ও অগাস্ট মাসে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ‘গুরুতরভাবে’ ব্যাহত হয়েছে। 

“বিশেষ করে খোলা সিলিন্ডার বা ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে শিল্পকারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অনেক কারখানা স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে পারেনি।”

গ্যাসের ঘাটতির কারণে উৎপাদন সচল রাখতে কারখানাগুলোকে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হয়েছে দাবি করে চিঠিতে বলা হয়, “অনেক প্রতিষ্ঠান নগদ অর্থে অতিরিক্ত দামে ডিজেল, এলপিজি ও অন্যান্য জ্বালানি সংগ্রহ করেছে।

“এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি কারখানাগুলোর নগদ অর্থপ্রবাহেও চাপ তৈরি হয়েছে।”

বিকেএমইএ বলেছে, উৎপাদন কমে যাওয়া ও বিকল্প জ্বালানির অতিরিক্ত ব্যয় একই সঙ্গে বহন করায় কারখানাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। 

“এ অবস্থায় জুলাই ও অগাস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে পড়বে।”

এসব পরিস্থিতি তুলে ধরে দুই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে সমান কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিকেএমইএ।

সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে। 

বিকেএমইএর প্রত্যাশা, বিল পরিশোধে কিস্তি সুবিধা দেওয়া হলে জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর আর্থিক চাপ কিছুটা কমবে এবং তারা উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে পারবে।

“এ ধরনের সহায়তা শুধু ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর আর্থিক চাপ কমাবে না, বরং দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানের ধারাবাহিকতা বজায় রাখতেও সহায়ক হবে,” বলা হয় চিঠিতে।