Published : 21 Jul 2026, 05:54 PM
বিভিন্ন সংস্থা ও দেশের সঙ্গে চুক্তির জন্য দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভূমিকার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক্ষেত্রে অর্থায়নের ‘কোনো সংকট’ না থাকার কথা তুলে ধরে তিনি বলেছেন, “আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বিধিবিধান ও আইনি ব্যাখ্যায় দক্ষ জনবল তৈরিতে বিএফটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি বলেন, “প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে আমাদের কোনো সংকট নেই, প্রয়োজন ছিল দীর্ঘমেয়াদি দিকনির্দেশনার। এখন সেই জায়গায় কাজ শুরু হয়েছে।”
মঙ্গলবার ঢাকার বিএফটিআই সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের ৬৩তম পরিচালনা পর্ষদের সভায় মন্ত্রী এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবশেষ অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তিতে (এআরটি) বাংলাদশের ‘স্বার্থরক্ষা না হওয়ার’ অভিযোগ রয়েছে। সেই চুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সমালোচনা আছে বিএনপিরও।
বিভিন্ন উন্নয়ন সহযোগী ও দেশের সঙ্গে চুক্তির সময়ও বাংলাদেশের ‘স্বার্থরক্ষা না হওয়ার’ বিষয়টি বারবার আলোচনায় আসে। এজন্য আমলাতন্ত্রের দুর্বলতা ও সরকারের ‘নতজানু’ হওয়ার বিষয়গুলোকে দায়ী করা হয়।
এসব বিবেচনায় মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা, আন্তর্জাতিক বাজার ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে গভীর গবেষণার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই বিএফটিআইকে নতুন পরিকল্পনায় আরও শক্তিশালী করা হচ্ছে।”
সভায় বিএফটিআই নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোস্তফা আবীদ খানের নিয়োগ অনুমোদন দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) সাইফ উদ্দিন আহমেদ এবং বিএফটিআই পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।