চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন, নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজি শায়রুল হাসান, যিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।
আর ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলে আসা আবেদুর রহমানকে দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগের বিষয়টি জানায়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের যোগ দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগবে।”
পরে সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজি শায়রুলকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
তিনি জানান, বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
সেদিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ অনুমোদন করা হবে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আর্থিক সংকটে দুর্দশায় পড়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে বিগত অন্তবর্তী সরকারের সময় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে।
তবে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজনের নিয়োগ চূড়ান্ত করার পর তিনি যোগ দিতে অস্বীকৃতি জানান।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে আসে আসেন মোস্তাকুর রহমান। এরপর গত ১৬ মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া।
এরপর পর থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছিল সম্মিলিত ইসলামী ব্যাংক।
নতুন চেয়ারম্যান শায়রুল হাসান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংকসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) করেন।]
গত ৯ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকে তিন বছরের জন্য ৬ পরিচালককে দায়িত্ব দেয় সরকার।
পরে ২৩ মে খান সুবায়েল বিন রফিক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ সদস্য আলী আশফাককে ব্যাংকের পরিচালক করা হয়।
