১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই, ফ্লাইট বাড়িয়েছে সালাম এয়ার

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও চট্টগ্রামের এ বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করার পর বছর ঘুরতেই ফের ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই।

তাতে বন্দরনগরীর এই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, নতুন পথচলায় এবার চট্টগ্রাম থেকে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে তারা। আগামী ২৬ অক্টোবর থেকে আবারও ফ্লাই দুবাইয়ের ফ্লাইট শুরু হবে। 

২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল ফ্লাই দুবাই। এরপর ২০১৮ সালে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

এক বছর পর ২০১৯ সালে আবার কার্যক্রম চালু করা হয়। কিন্তু যাত্রী সংকটের ‘কারণে’ গত বছর ১ সেপ্টেম্বর থেকে ফের ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দেয় এই এয়ারলাইন। 

এরপর আবার নতুন করে ফ্লাইট চালুর এ সিদ্ধান্ত এল। এতদিন চট্টগ্রামে বন্ধ থাকলেও ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছিল ফ্লাই দুবাই। 

এদিকে এ বছর ১৮ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালাম এয়ার শাহ আমানতে তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। সপ্তাহে সাতটির পরিবর্তে তারা এখন দ্বিগুণ ফ্লাইট চালাচ্ছে।

নতুন করে এই দুই এয়ারলাইন্সের ফ্লাইট যোগ হওয়ায় চট্টগ্রাম রুটে যেমন আন্তর্জাতিক ফ্লাইট বেড়েছে, তেমনি যাত্রী পরিবহনে গতি বাড়ায় প্রাণচাঞ্চল্যও ফিরছে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম এয়ারের আগে সপ্তাহে ৭টি করে ফ্লাইট ছিল। ১৮ সেপ্টেম্বর থেকে তারা প্রতিদিন দুটি করে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। 

আর ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে; সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে তারা।

“তবে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আগ্রহ দেখালেও সেটি নিয়ে এখনো কাগজে-কলমে কিছু চূড়ান্ত হয়নি।”

এর আগে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিভিন্ন সময় ফ্লাইট পরিচালনা কার্যক্রম গুটিয়ে নেয় ইতিহাদ এয়ারওয়েজ, থাই এয়ার, থাই স্মাইল এয়ার, ওমান এয়ার, ভারতভিত্তিক স্পাইস জেট, কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজ, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা (আরএকে) এয়ার, টাইগার এয়ারওয়েজ।