২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

প্রায় ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের

এই মুনাফা ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে ২ হাজার ৭৫১ কোটি টাকা বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 01:04 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির এই মুনাফা ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে প্রায় ২ হাজার ৭৫১ কোটি টাকা বেশি (প্রায় ১২ শতাংশ)।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা হয় প্রায় ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা।’’

পর্ষদ কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছয়টি প্রণোদনা বোনাস অনুমোদন করেছে বলে তথ্য দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মুনাফা করে ২৩ হাজার ২২৬ কোটি টাকা।

এটি স্থানীভাবে বাংলাদেশ ব্যাংকের মুনাফা। এখানে বিদেশে থাকা বিনিয়োগের কোনো আয় দেখানো হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক মুনাফার দুটি তথ্য প্রকাশ করে থাকে। এর মধ্যে একটি স্থানীয়ভাবে অর্জিত আয়। বিদেশে থাকা বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ থেকে আয় ও বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন তথ্য যোগ করা হয়।

২০২৪-২৫ অর্থবছরে বিদেশে থাকা বিনিয়োগ থেকে এবং বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন শেষে মোট মুনাফা করে ৩৪ হাজার ৮৯৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক স্থানীয়ভাবে কোনো বিনিয়োগ করে না। স্থানীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের আয়ের উৎস হচ্ছে, বিভিন্ন সময়ে ঘোষণা করা ঋণ তহবিল, রপ্তানি উন্নয়ন তহবিলের মত বিশেষ তহবিল থেকে দেয়া ঋণ, বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ স্থানান্তরে দেয়া বিভিন্ন সেবার বিপরীতে মাশুল, বাণিজ্যিক ব্যাংকে জরিমানা, ট্রেজারি বিল ও বন্ড, সরকার ও বাণিজ্যিক ব্যাংকে দেয়া ধারের বিপরীতে আসা সুদ।