১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাঁচামাল সংরক্ষণে ১০০ হিমাগার নির্মাণ হচ্ছে: উপদেষ্টা

"বৃষ্টির পানি ধরে রাখার পাশাপাশি খাল খননসহ বিভিন্ন কৃষি খাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা উপকৃত হবেন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

সবজিসহ কাঁচামাল সংরক্ষণে সারাদেশে ছোট বড় মিলে একশ হিমাগার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। রাজধানীর ফার্মগেইট এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, “সরকার প্রায় একশত কোল্ড স্টোরেজ তৈরির কাজ করছে। যেখানে সবজিসহ কাঁচামাল সংরক্ষণের সুযোগ পাবেন সাধারণ কৃষকরা। বৃষ্টির পানি ধরে রাখার পাশাপাশি খাল খননসহ বিভিন্ন কৃষি খাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা উপকৃত হবেন।” 

পরে  প্রশ্নের জবাবে তিনি বলেন, “কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে এবং হচ্ছে। অপরাধীরদের ব্যাপারে কোনো ছাড় নয়।

ওই অনুষ্ঠানে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়ে তিনি বলেন, “আইনি প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।“

রোববার দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সজীব ভুঁইয়ার হাতব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।