১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টের আদেশ স্থগিত, ইউসিবির এজিএমে বাধা কাটল

আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৪ অগাস্ট বিষয়টি শুনানি হবে।

হাই কোর্টের আদেশ স্থগিত, ইউসিবির এজিএমে বাধা কাটল
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। 

একই সঙ্গে আগামী ৪ অগাস্ট বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ আদেশ দেয়।

এর ফলে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য এজিএমে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

এদিন শুনানিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল, আরশাদুর রউফ ও সাইফুজ্জামান তুহিন। 

রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। 

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রুহুল কুদ্দুস কাজল বাংবাদিকদের বলেন, গত ২৭ জুলাই দুটি কোম্পানি বেঞ্চ আগামী ৩১ জুলাইয়ের এজিএম স্থগিত করে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার বেঞ্চে হাই কোর্টের আদেশ দুটি স্থগিতের আবেদন করা হয়। পরে আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউসিবি ২০২৪ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। 

এজিএমে পর্ষদের এ সিদ্ধান্ত অনুমোদনের পাশাপাশি ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাবসহ অন্যান্য প্রতিবেদন অনুমোদন হওয়ার কথা রয়েছে।