Published : 02 Jun 2026, 12:20 AM
আন্দোলনকারীদের বাধায় দিনভর আটকে থাকার পর রাতে সভা করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।
অনলাইনে হওয়া সেই সভায় অংশগ্রহণ করেন নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যান খুরশিদ আলম, যার বিরোধিতায় সোমবার আন্দোলনে নামে একদল মানুষ।
পর্ষদ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন ও কোম্পানি সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন না।
তাদের ছাড়া এটি পরিচালনা পর্ষদের সভা হিসেবে গণ্য কিনা, সেই প্রশ্নে নতুন চেয়ারম্যান খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি চেষ্টা করেছি ভারপ্রাপ্ত এমডি ও কোম্পানি সেক্রেটারিকে সভায় আনতে। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি।
“শুনেছি তাদের বোর্ড মিটিংয়ে অংশগ্রহণের ব্যাপারে আন্দোলনকারীরা আপত্তি জানিয়ে রেখেছে।”
সভায় অন্য পাঁচ পরিচালক অংশগ্রহণ করেছেন দাবি করে চেয়ারম্যান বলেন, ‘‘আমি মিটিংয়ের বিষয়গুলো নোট নিয়ে রেখেছি, ব্যাংককে জানাব। এটা তো বাংলাদেশ ব্যাংকের করে দেওয়া বোর্ড, তাই সভা করার বাধ্যবাধকতা ছিল।”
সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে খুরশিদ আলম বলেন, ‘‘ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আর কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সভা খুব বেশি সময় করা যায়নি।”
সভার বিষয়ে জানতে স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহাব ও অধ্যাপক মাসুদ রহমানের সঙ্গে যোগাযোগ করেও তাদের সাড়া পাওয়া যায়নি।
কথা বলা যায়নি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন ও কোম্পানি সচিব হাবিবুর রহমানেরও সঙ্গেও।

‘সচেতন গ্রাহক ফোরাম’ নামে এদিন সকালে মতিঝিলে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়।
আন্দোলনকারীরা ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালেও দাবিও তোলেন।
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যদের সকাল ১০টার আগ দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করেন।
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার সকালে তার প্রধান কার্যালয়ে আসার কথা ছিল। কিন্তু আন্দোলনের কারণে তিনি ফিরে যান। ফলে এ দিনের পূর্বনির্ধারিত পর্ষদ সভা অনলাইনে করার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংক।
সোমবার দুপুর আড়াইটায় এ সভা ডাকা হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা তাতেও বাধা দেন। তাদের বাধায় সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্ষদ আটকে থাকে।
সন্ধ্যা ৬টার পর গ্রাহক ফোরামের নেতাদের সঙ্গে পরিচালক পর্ষদ সভা করার জন্য বৈঠক করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন।
ইসলামী ব্যাংকের টাওয়ারের আলতাফ হুসাইনের কক্ষে এ বৈঠক হয়। বৈঠকের পর সন্ধ্যা ৭টার দিকে ইসলামী ব্যাংক ছাড়েন আন্দোলনকারীরা।
ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘রাত ৯টায় মিটিং শুরু হয়; প্রায় ৪০ মিনিট চলে। এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করে বোর্ড।’’
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আলতাফ হুসাইনকে দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্তও হয় পর্ষদে।