উৎপাদক থেকে খুচরায় মূল্য ব্যবধান কমাতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
“বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ণ মিলকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে,” বলেন তিনি।
উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত পণ্যের মূল্য ব্যবধান কমাতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর (এআইভিত্তিক) ‘সাপ্লাই চেইন মনিটরিং ব্যবস্থা’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, “এই ব্যবস্থার মাধ্যমে আমদানি, মজুদ, পাইকারি ও খুচরা—প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।”
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে অস্থিরতা মোকাবিলায় আমদানিনির্ভর পণ্যের জন্য ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ (কৌশলগত মজুদ) গড়ে তোলা হচ্ছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হলেও দেশের বাজারে পণ্যের ঘাটতি তৈরি হবে না এবং মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।”
মন্ত্রী বলেন, রুগ্ণ ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ন মিলকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
“এই উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, উৎপাদন বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী এক বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।”
সম্মেলনে ডিসিদের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “ডিসিরা নিজ নিজ জেলার বাস্তবতা তুলে ধরে শিল্প পুনরুজ্জীবন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বন্ধ চিনিকল পুনরায় চালু এবং ‘ডিস্টিলারি’ স্থাপনের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা বাড়ানোর মতো কার্যকর ও বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছেন। সরকার এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
কোরবানির ঈদ ঘিরে কাঁচা চামড়া সংরক্ষণে বিশেষ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
“একটিও চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ-মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারিভাবে লবণ সরবরাহ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণমাধ্যমে প্রচারণা চালানো হবে,” যোগ করেন মন্ত্রী।
ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমও উপস্থিত ছিলেন।
