Published : 06 May 2026, 01:57 AM
নানা সংকটে থাকা পাঁচ ব্যাংক একীভূত করে গঠন করা রাষ্ট্রায়ত্ত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর প্রশাসকদের নিয়ে সভা ডেকেছেন বাংলাদেশ গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকে দুপুর ২টায় সভাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেছেন, সভায় একীভূত হওয়া ব্যাংকগুলোর বর্তমান অবস্থা উত্থাপন ও কেন্দ্রীয় ব্যাংকের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা রয়েছে।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক রেজল্যুশনের আওতায় ব্যাংকগুলোর প্রশাসকদের নিয়ে রুটিন সভা করার তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। বুধবার তেমনই একটি সভা করার দিন ধার্য করা আছে গভর্নরের সঙ্গে।”
আর্থিক সংকটে জেরবার শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) একীভূত করে গত ২১ ডিসেম্বর গঠন করা হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’।
এক নামে অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের নাম ব্যবহার করলেও একীভূত হওয়া পাঁচ ব্যাংকই পৃথকভাবে কার্যক্রম চালাচ্ছে।
বিএনপি সরকার গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে আসেন মোস্তাকুর রহমান। এরপর ১৬ মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব মোহাম্মদ আউয়ুব মিয়া পদত্যাগ করেন। তখন থেকে চেয়ারম্যান শূন্য রয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজনের নিয়োগ চূড়ান্ত হলেও তিনি যোগ দিতে অস্বীকৃতি জানান।
এদিকে এপ্রিলে জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস হওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে যেতে আবেদন করে এসআইবিএলের সাবেক উদ্যোক্তা পরিচালকরা।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার সময়ে তাতে ১৮(ক) ধারা যুক্ত হয়। সেখানে ব্যাংকের সাবেক শেয়ারধারীদের আবার শেয়ার কেনার সুযোগ রাখা হয় কয়েকটি শর্তে।
এরপর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরবর্তী কার্যক্রম কীভাবে চলবে তা নিয়ে নানা প্রশ্ন উঠে প্রশাসকদের মনেও। আমানতকারী ও ব্যাংকের কর্মীরাও নানা আলোচনা করছেন এ নিয়ে।
এসআইবিএলের আবেদনের পর আরও দুটি ব্যাংক বেরিয়ে যেতে আবেদন করবে বলে গুঞ্জন রয়েছে।
এমন প্রেক্ষাপটে প্রশাসকদের নিয়ে সভা ডাকলেন গভর্নর।