১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুদের হার এক অংকে নামবে, ব্যবসার লাইসেন্স মিলবে দ্রুত: বাণিজ্যমন্ত্রী

‘ব্যবসাবান্ধব পরিবেশ’ তৈরিতে বন্ড ও কর-সংক্রান্ত প্রক্রিয়াও ‘সরল’ করার উদ্যোগ চলছে বলে তথ্য দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সুদের হার এক অংকে নামবে, ব্যবসার লাইসেন্স মিলবে দ্রুত: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বুধবার বিকেএমইএ ও ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপো’ প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 08:27 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

দেশে বিনিয়োগের ‘পরিবেশ’ তৈরি করতে ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ব্যবসা শুরুর জটিলতা কাটাতে আবেদন করলেই ‘প্রভিশনাল’ বা সাময়িক লাইসেন্স দেওয়ার উদ্যোগ এবং গ্যাস সরবরাহ বাড়াতে নতুন এফএসআরইউ স্থাপনের কথাও বলেছেন তিনি।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “১৩ থেকে ১৪ শতাংশ সুদের হারে অর্থায়ন নিয়ে টেক্সটাইলের মত শিল্প টিকে থাকা সম্ভব নয়।

“এ ধরনের সুদের হার হয়ত উচ্চ প্রযুক্তিনির্ভর বা পুঁজিঘন শিল্পের জন্য সহনীয় হতে পারে, কিন্তু আমাদের মত শ্রমনির্ভর ও স্বল্প মুনাফার শিল্পের জন্য নয়।”

তৈরি পোশাক শিল্প কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জ্বালানি সংকট এবং উচ্চ সুদের হার এ খাতের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

শিল্পের জ্বালানি সংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে গ্যাসের দৈনিক ঘাটতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এলএনজি আমদানি বাড়াতে সরকার আগ্রহী হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা সেখানে বড় বাধা।

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে জানিয়ে আব্দুল মুক্তাদির আশ্বাস দেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে বেসরকারি খাত অগ্রণী ভূমিকা রাখবে এবং সরকার তাদের ‘নীতিগত ও লজিস্টিক’ সহায়তা দেবে।

দেশে ব্যবসা সহজ করার ক্ষেত্রে ‘লাইসেন্সিং’ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বিষয়টিতে আলোকপাত করে তিনি বলেন, “বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করতে প্রায় ২৫ থেকে ২৬টি লাইসেন্স নিতে হয়, যা বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করে। আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে কাজ করছি, যেখানে আবেদন করার সঙ্গে সঙ্গে প্রভিশনাল অনুমোদন দেওয়া হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন।”

পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে বন্ড ও কর-সংক্রান্ত প্রক্রিয়াও ‘সরল’ করার উদ্যোগ চলছে বলে জানান তিনি। 

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড যৌথভাবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপো’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ মে পর্যন্ত এ প্রদর্শনীতে ২৮ দেশের ৯০০ প্রদর্শক অংশ নিচ্ছে। প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় কানাডা, চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিক যন্ত্রপাতি, ডাই-কেমিক্যালস ও নিত্যনতুন প্রযুক্তি প্রদর্শন করছে।