Published : 27 Aug 2026, 09:17 PM
খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা দায়ের এবং আরও মামলা করার প্রক্রিয়া চলমান থাকার কথা বলেছে সম্মিলিত ইসলামী ব্যাংক।
আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এমন উদ্যোগ নেওয়ার কথা বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সভায় তুলে ধরে হয়েছে।
সভার পরে বাংলাদেশ ব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে বলা হয়, ঋণ আদায়ে প্রচলিত আইনগত ব্যবস্থার পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর মত সমঝোতাভিত্তিক বিকল্প ব্যবস্থাও নিয়েছে নতুন এ ব্যাংকের পর্ষদ।
এতে বলা হয়, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে থাকার কথা সভায় তুলে ধরা হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়, ঋণ পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের (বিআরডি) এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি বলা হয, সভায় ব্যাংকটির একত্রীকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং আইটি ও অপারেশনাল ইন্টিগ্রেশনের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এসব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ও তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। বিআরডি নিয়মিতভাবে এর অগ্রগতি পর্যবেক্ষণ ও তদারকি করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, গত ছয় মাসে ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং গত ১৬ জুলাই থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের কাজ চূড়ান্ত করার পাশাপাশি পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), সুইফট ও আরএমএসহ আইটি অবকাঠামো একীভূতকরণের কাজও এগিয়ে চলছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
এছাড়াও পাঁচ ব্যাংকের যেকোনো শাখা হতে আমানতের অর্থ তুলতে একটি কমন ইন্টারফেস শিগগির চালুর কথাও সভায় অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত নতুন এ ব্যাংকের ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি বিজেনেস ইউনিটের একত্রীকরণ/পুনর্গঠন ও অপারেশনাল ইন্টিগ্রেশনের কার্যক্রম চলমান রয়েছে।