Published : 19 Apr 2026, 03:03 AM
অভিযোগ আর পাল্টা অভিযোগের রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলী আফজাল; জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আব্দুর রাজ্জাক।
শনিবার মধ্যরাতের পর নির্বাচনের ফল ঘোষণার তথ্যের ভিত্তিতে তাদের নেতৃত্বে আসার খবর সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি 'আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের' মো. ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট।
অন্যদিকে রাজ্জাক ২১৬ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী ভূঁইয়া দুই ভোটের ব্যবধানে হারেন। তিনি পেয়েছেন ২১৪ ভোট।
এবারের নির্বাচনে ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন। নির্বাচনে মোট ভোটার ৬৭৪ জন; এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন। তাদের মধ্যে ঢাকার ৫১২ জন এবং চট্টগ্রামের ৫৮ জন ভোট দেন।

এবারই প্রথম সভাপতি, ছয় সহসভাপতি এবং ১৯ পরিচালক পদে সরাসরি ভোটগ্রহণ হয়।
এদিন সকাল থেকে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের ২০৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেন সদস্যরা।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয় যা নিয়ে সকাল থেকেই নানারকম বিতর্ক তৈরি হয়।
রোববার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও দেরি হয় ৪০ মিনিট। ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চলে ৪টা ৩২ মিনিট পর্যন্ত।
এদিন সকাল থেকেই বুথ ও কেন্দ্রের সামনে বহিরাগতদের অবস্থান, নির্বাচনের নিয়ম ভেঙে প্রার্থীদের প্রচারণা এবং ক্লোজড সার্কিট ক্যামরার ব্যবস্থা না করাসহ নানা অভিযোগ ওঠে।
সিসি ক্যামেরা না বসানোকে কেন্দ্র করে সকালে তর্কাতর্কি হতেও দেখা যায়। এরপর ভোটগ্রহণ শুরু হলেও প্যানেলের প্রার্থীরা নিয়ম ভেঙে বুথের সামনে জড়ো হয়ে প্রচারণা চালাতে থাকেন।
এছাড়াও ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোট গণনার সময় প্রার্থীদের পক্ষে কারা পর্যবেক্ষণ করবেন, কোন প্যানেল থেকে কয়জন থাকবেন— এসব নিয়ে বিতর্কে ভোট গণনা শুরু করতেও দেরি হয়।
পরে নির্বাচনে ৫৭০ জন ভোটারের প্রদত্ত ভোট গনণা শেষে মধ্যরাতে নির্বাচনের ফল জানায় সংগঠনটির জনসংযোগ দপ্তর।