১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিসিবির ‘ট্রাকসেল’ শুরু সোমবার, চলবে ১০ দিন

প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ২১ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।

টিসিবির ‘ট্রাকসেল’ শুরু সোমবার, চলবে ১০ দিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 06:29 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

কোরবানির ঈদ উপলক্ষে সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে বলে রোববার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিন বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিসিবির কার্ডধারীদের কাছে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান আছে। পাশপাশি ঈদ উপলক্ষে এই ট্রাক সেল কার্যক্রম শুরু হচ্ছে।” 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঢাকার আগারগাঁও এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। ১০ দিন (শুক্রবার ব্যতীত) প্রতিটি ট্রাক থেকে চিনি ও মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ৪০০ জন।

‘ট্রাকসেলের’ মাধ্যমে প্রায় ২ কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

রোববার টিসিবির এক আদেশে বলা হয়েছে, ইদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। 

একজন ভোক্তা ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল; ৮০ টাকা দরে ১ কেজি চিনি ও ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ঈদ উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। 

কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।