০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ইউরোপের ‘রেডি টু শোতে’ বাংলাদেশের ১৪ কোম্পানি

ইতালির মিলানে এ মেলা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 07:08 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ইউরোপের সোর্সিং মেলা— ‘রেডি টু শোতে’ এবার বাংলাদেশের ১৪টি কোম্পানি অংশ নিয়েছে।

শনিবার ইতালির মিলানে শুরু হওয়া এ মেলা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় এ মেলায় বাংলাদেশের এপারেল, টেক্সটাইল এবং চামড়াখাতের এসব প্রতিষ্ঠান যোগ দিয়েছে বলে এক সংবা বিজ্ঞপ্তিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল, ফ্যাব্রিক, চামড়াজাত পণ্যের সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা বা বায়ার, ব্র্যান্ড, ডিজাইনার এবং অন্যান্য পেশাদারদের সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ‘রেডি টু শো’ পরিচিত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ মূলত দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল পণ্য, চামড়াজাত পন্যের প্রচার, আন্তর্জাতিক বায়ারদের আকর্ষণ করা এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে। 

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো, রাইনো এপারেলস, ফোকাস এপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং এক্সেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স এপারেলস ও সিম ফেব্রিকস লিমিডেট।