Published : 28 Aug 2026, 12:14 AM
ব্যাংকে ডলারের দাম আবার বাড়ছে; সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১ টাকা। তবে কার্ব মার্কেট বা খোলা বাজারে দর কমেছে কিছুটা।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২৩ টাকা; সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ৯৯ পয়সা। গড় দাম ছিল ১২৩ টাকা।
এক সপ্তাহ আগে গত ১৯ অগাস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ১৫ পয়সা; সর্বনিম্ন দর ছিল ১২১ টাকা ৯৭ পয়সা। গড় দাম ছিল ১২২ টাকা।
এ হিসাবে দেখা যাচ্ছে, এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দর বেড়েছে ১ টাকা। শতাংশের হিসাবে বেড়েছে দশমিক ৮২ শতাংশ।
ব্যাংকে ডলারের দর বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি মাসের প্রধমার্ধে রেমিটেন্সের উল্লম্ফনে জোগান বেড়ে গিয়েছিল; সে কারণে দর কমেছিল। মাসের শেষ দিকে এসে রেমিটেন্সে একটু ধীরগতি দেখা যাচ্ছে; সে কারণে জোগান একটু কমেছে। দামও বাড়ছে।”
অপরদিকে বৃহস্পতিবার মানি এক্সচেঞ্জগুলোর বাইরে মতিঝিলের খোলা বাজারে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকা ৬০ পয়সা দরে ডলার বিক্রি হয়েছে। কেনা হয়েছে ১২৭ টাকা ২০ পয়সা ১২৭ টাকা ৩০ পয়সা দরে।
এক সপ্তাহ আগে এই বাজারে ১২৮ টাকা ৫০ পয়সায় উঠেছিল ডলারের দর।
এর আগে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বাড়তে বাড়তে ৬ আগস্ট ডলারের সর্বোচ্চ দাম ওঠে ১২৩ টাকা ৮২ পয়সায়; সর্বনিম্ন ছিল ১২৩ টাকা ৮০ পয়সা। গড় দাম ছিল ১২৩ টাকা ৮১ পয়সা।
এর পর দর কিছুটা নিম্নমুখী হয়। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার গড় দাম ছিল ১২২ টাকা ৩২ পয়সা। দ্বিতীয় দিন সোমবার বেড়ে ১২২ টাকা ৫২ পয়সায় ওঠে। মঙ্গলবার আরও বেড়ে ১২২ টাকা ৭৬ পয়সা হয়।
বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ছিল; আন্তঃব্যাংক মুদ্রাবাজারে লেনদেন বন্ধ ছিল। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডলারের গড় দাম ছিল ১২৩ টাকা।
এদিকে এক্সচেঞ্জ হাউজগুলো বেঁধে দেওয়া দামে ডলার কেনাবেচা করছে বলে দাবি করেছে মানি এক্সচেঞ্জগুলোর সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)।
ডলারের দরে স্থিতিশীলতা বজায় রাখতে গত ২৪ অগাস্ট থেকে মানি এক্সচেঞ্জগুলোর জন্য ডলারের দর বেঁধে দেয় এমসিএবি।
ওই দিন সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ১২৬ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করবে মানি এক্সচেঞ্জগুলো; কিনবে এক টাকা কমে ১২৫ টাকা ৫০ পয়সায়।
বৃহস্পতিবারও রাজধানী ঢাকাসহ সারা দেশের মানি এক্সচেঞ্জগুলোতে এই দরে ডলার কেনাবেচা হয়েছে বলে জানিয়েছেন এমসিএবি সভাপতি এম এস জামান।
বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে তিনি বলেন, “২৪ অগাস্ট থেকে বেঁধে দেওয়া দামে সব এক্সচেঞ্জ হাউজ ডলার কেনাবেচা করছে। আমরা সংগঠনের পক্ষে কঠোরভাবে মনিটর করছি। বেঁধে দেওয়া দরের বাইরে কোনো ডলার কেনাবেচা করছে না।”