১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লোহিত সাগরের সংকটে বাংলাদেশের সামনে নতুন জ্বালানি ঝুঁকি

পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে সৌদি আরবের তেল বাংলাদেশে আসতে তিন গুণ বেশি সময় লাগবে, প্রতি লিটার তেলে খরচ বাড়বে ৮-১০ টাকা।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 12:58 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অস্থিরতার প্রভাব কাটতে না কাটতেই লোহিত সাগরের নতুন নিরাপত্তা সংকট বাংলাদেশের জ্বালানি সরবরাহে নতুন চাপ তৈরি করেছে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারণে বাব আল-মান্দাব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরবের পশ্চিম উপকূল থেকে বাংলাদেশের জন্য অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজকে এখন স্বাভাবিক পথ এড়িয়ে আফ্রিকা প্রদক্ষিণ করে আসতে হচ্ছে।

স্বাভাবিক সময়ে সৌদি আরবের ওই অঞ্চল থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে যেখানে ১৩ দিন লাগত, সেখানে ঘুরপথে আসতে লাগবে প্রায় ৪৫ দিন।

সেই সঙ্গে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল অতিরিক্ত পথ পাড়ি দিতে গিয়ে পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে রওনা হওয়া এমটি নিনেমিয়া সেই দীর্ঘ বিকল্প পথেই বর্তমানে বাংলাদেশের দিকে আসছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘুর পথে আসতে পরিবহন খরচ সাড়ে তিন মিলিয়ন থেকে সাড়ে চার মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে জাহাজের মালিক কোম্পানি।

“জাহাজ বাংলাদেশে পৌঁছালে কত খরচ হয়েছে তা আলোচনা করে বাড়তি খরচের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হবে।” 

বাব আল-মান্দাব প্রণালি। ছবি: রয়টার্স

বাব আল-মান্দাব প্রণালি

কেন বদলে গেল রুট

বাংলাদেশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর সৌদি আরব তাদের পূর্ব উপকূলের পরিবর্তে পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল রপ্তানি বাড়িয়েছিল। 

সেই তেল বাংলাদেশে আনতে হলে লোহিত সাগর থেকে বাব আল-মান্দাব প্রণালি পেরিয়ে এডেন উপসাগর হয়ে আরব সাগরে প্রবেশ করতে হয়।

সম্প্রতি হুতি বিদ্রোহীদের হামলা ও সামুদ্রিক অবরোধের ঘোষণার পর ওই পথও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে জাহাজগুলোকে সুয়েজ খাল পেরিয়ে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে ভারত মহাসাগর হয়ে বাংলাদেশে আসতে হচ্ছে।

অর্থাৎ, একটি জাহাজকে কার্যত পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে বাংলাদেশের উপকূলে পৌঁছাতে হচ্ছে।

সময় ও খরচ দুটোই বাড়ছে

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, বাব আল-মান্দাব দিয়ে এলে গালফ অব এডেন হয়ে শ্রীলঙ্কার পাশ দিয়ে ১২ থেকে ১৩ দিনের মধ্যেই বাংলাদেশে পৌঁছানো সম্ভব হত।

"এখন যে রুটে জাহাজ আসছে, তাতে প্রায় ৫০ দিনের মতো সময় লাগতে পারে।"

তিনি বলেন, শুধু সময়ই নয়, পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

"এই পথে তেল আনলে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে।"

তার ভাষায়, বিকল্প হিসেবে ব্রুনাই বা মালয়েশিয়া থেকে তেল কেনার সুযোগ থাকলেও তাৎক্ষণিকভাবে সেখান থেকে প্রয়োজনীয় পরিমাণ সরবরাহ নিশ্চিত করা সহজ নয়।

চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের জন্য অপরিশোধিত তেল বহনকারী এমটি নরডিক পোলাক্স দীর্ঘ সময় হরমুজ প্রণালিতে আটকে ছিল।

অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদনও একসময় মারাত্মকভাবে ব্যাহত হয়।

পরে এমটি নিনেমিয়া বাংলাদেশে পৌঁছানোর পর পুনরায় স্বাভাবিক উৎপাদন শুরু হয়।

কিন্তু এবার হরমুজের পাশাপাশি বাব আল-মান্দাবেও নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি হয়েছে।

বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ বাব আল-মান্দাব প্রণালি দিয়ে পরিচালিত হয়। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেলও এই পথ দিয়ে পরিবাহিত হয়। 

সবচেয়ে সরু অংশে প্রণালিটির প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার হওয়ায় সেখানে কেবল দুটি নৌ চ্যানেল ধরে চলাচল করা যায়। ফলে ওই অঞ্চলে নৌ চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে।

সে কারণে জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বাংলাদেশের তেল আমদানির সময় ও ব্যয় দুটোই আরও বাড়বে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাবের পাশাপাশি অতিরিক্ত পরিবহন ব্যয়ও যোগ হবে। দীর্ঘমেয়াদে তা জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা ও আমদানি ব্যয়ের ওপর বাড়তি চাপ ফেলবে। 

আরও পড়ুন:  

তেল নিয়ে ১১২ দিন হরমুজে আটকে থাকা 'নরডিক পোলাক্সদেশের উপকূলে

লোহিত সাগরের নিরাপত্তায় সৌদি নেতৃত্বাধীন নতুন মেরিটাইম জোটে 'বাংল

আরো ১ লাখ টন তেল নিয়ে দেশের পথে 'এমটি নিনেমিয়া

অপরিশোধিত তেল নিয়ে আসা 'নিনেমিয়াকুতুবদিয়ায়সচল হচ্ছে ইস্টার্ন