এফবিসিসিআই বিকেন্দ্রীকরণের ঘোষণা নতুন সভাপতির
চট্টগ্রামের মতো ঢাকাতেও একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়তে চান মাহবুবুল আলম।
দায়িত্ব নিয়েই আঞ্চলিক পর্যায়ে লিঁয়াজো অফিস চালু করার ঘোষণা দিয়েছেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেছেন, “আমি চাই ডিসেন্ট্রালাইজ করার জন্য। পুরান ঢাকায় একটা লিঁয়াজো অফিস করতে চাই। সেখানে বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের সহযোগিতা চাই। গুলশানে একটা অফিসের জায়গা আমরা নিয়েছি।
“এর পাশাপাশি বিভিন্ন বিভাগীয় শহরেও আমরা অফিস করতে চাই। তাহলে এফবিসিসিআই সদস্যদের সঙ্গে ক্লোজলি কাজ করতে পারবে।”
সোমবার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অানুষ্ঠানিকভাবে মাহবুবুল আলমের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদের (২০২৩-২৫) এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন।
সেই অনুষ্ঠানে নিজের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে মাহবুবুল বলেন, সরকারের রূপকল্পের সঙ্গে মিল রেখে এফবিসিসিআইকে একটা স্মার্ট সংগঠনে পরিচণত করা হবে। এখানে সব সেবা অনলাইনে পাওয়া যাবে। রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির মাধ্যমে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হবে।
“দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ এবং খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ট্রেডিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে ব্লকচেইনভিত্তিক জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি বলে আমি মনে করি। উৎপাদন ও আমদানি হতে শুরু করে সব পর্যায়ের ব্যবসায়ীদেরকে সেখানে অন্তুর্ভুক্ত করে পণ্যের প্রকৃত মূল্য, সরবরাহ এবং মজুদ পরিস্থিতি নিয়ে ধারণা দেওয়া হবে।”
চট্টগ্রামের মতো ঢাকাতেও একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার আগ্রহের কথা জানান এফবিসিসিআইয়ের নতুন সভাপতি।
সংগঠনটির বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “২০০৮ সালে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল মাত্র ৭৯ বিলিয়ন ডলার, বর্তমানে যেটি হয়েছে ৪৬৫ বিলিয়ন ডলার। সামনে আমাদের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির জার্নি রয়েছে, এলডিসি গ্রেজুয়েশনের চ্যালেঞ্জ রয়েছে। সেখানে নতুন বোর্ডের ওপর অনেক দায়িত্ব রয়েছে। আমার বিশ্বাস তারা সেটি সফলভাবে করতে পারবেন।”
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য সাবেক সভাপতি মাহবুবুল আলম ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত হন ১৯৮৩ সালে। গত প্রায় চার দশকে কমোডিটি ট্রেডিং থেকে শুরু করে ব্যাংক ও আর্থিক পরিষেবা, পর্যটন সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন তিনি। বর্তমানে ৯টি খাতে ১৭ টি ব্যবসা উদ্যোগ রয়েছে মাহবুবুল আলমের।
নতুন পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সহ-সভাপতি আমিন হেলালী।
চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মুনির হোসেন।
