Published : 01 Jun 2026, 10:57 AM
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকে যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরোধিতায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ‘সচেতন গ্রাহক ফোরামের’ মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।
এ অবস্থানের আগে বিক্ষুব্ধদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ করা হয়।
ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার সকাল ৯টার দিকে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি। জামায়াতপন্থি হিসেবে পরিচিত প্লাটফর্মটির সদস্যদের সকাল ১০টার আগ দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
খানিক বাদে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ফের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। বর্তমানে পুলিশ ও গ্রাহক ফোরামের সদস্যরা মুখোমুখি অবস্থানে আছে; সমাবেশ করছেন বিক্ষোভকারীরা। এর আগে পুলিশের ধাওয়ায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে দায়িত্ব দেওয়া হয়। এস আলম গ্রুপের সহযোগী আখ্যা দিয়ে তাকে সরানোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের দখলে যাওয়ার আগে যারা পরিচালনা পর্ষদে ছিলেন, তাদেরকে দিয়েই ব্যাংক পরিচালনা করতে হবে।

গত ২৪ মে চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান হিসেবে সেদিনই খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হয়েছিলেন।
তবে ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর খুরশীদ আলমসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন।

চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলম ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ইসলামী ব্যাংকে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের নানা ঘটনা ঘটে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন করা বিএনপির সময়ে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেওয়া হয়েছে।