১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেলের সংকটের পেছনে ‘কৃত্রিম কিছু বিষয়’ আছে: আখতার

হঠাৎ করে এলপিজির দাম বাড়ানো নিয়েও সংসদে প্রশ্ন তোলেন এনসিপির এই সংসদ সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ানোর কারণে জনজীবনে চাপ তৈরি হচ্ছে। এতটা দাম বাড়ানো উচিত হয়নি দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন তা ‘সহনীয় পর্যায়ে’ নামানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “বৈশ্বিকভাবে একটি সংকট চলছে, যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশেও জ্বালানি সংকটের মত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তেলের সংকটে কৃত্রিম কিছু বিষয়ও আছে বলে খবর দেখা যাচ্ছে। কিন্তু সে বিষয়ে সরকারের পদক্ষেপ কী, তা স্পষ্ট নয়।”

মঙ্গলবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সরকার বলছিল, তারা দাম (জ্বালানি মূল্য) বাড়াবে না। কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে বা যে পরিস্থিতিতে তারা দাম পেয়েছে, এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি, দাম কমিয়ে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসতে হবে।”

জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা তুলে ধরে আখতার বলেন, “হঠাৎ করে এলপিজির দামও বাড়ানো হয়েছে। এতে যারা রান্নাবান্না ও উৎপাদন কাজে জ্বালানি ব্যবহার করেন, তারা সমস্যায় পড়বেন।“

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের কথা বলে এবং দেশের ভেতরের সংকট, মজুতদারি ও সরকারের ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে এলপিজিসহ অন্যান্য জ্বালানির দাম সহনীয় পর্যায়ে আনতে হবে।

এদিন কার্যপ্রণালী বিধির ৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিসে আরও কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।