২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি বিল সংসদে

বিরোধ নিষ্পত্তিতে পারস্পরিক সম্মতি, তৃতীয় পক্ষের মধ্যস্থতা ও সালিশের বিধান রেখে ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল’ সংসদে তোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:36 AM

বর্তমানে ২০১০ সালের ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) নীতিমালা ও কৌশল’ এর আলোকে সরকার এ ধরনের চুক্তি করে থাকে। সরকার বলছে, দেশের ‘অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করতে’এবং পিপিপিকে আইনি কাঠামো দিতে এ আইন হচ্ছে।

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার বিলটি সংসদে তোলেন।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, “আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার বা জনসাধারণের বড় ধরনের কোনও দুর্ভোগ দ্রুত নিরসনের প্রয়োজনে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে যেকোনও প্রকল্পকে ‘জাতীয় অগ্রাধিকার প্রকল্প’ ঘোষণা করতে পারবে।”

আর সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই একটি কোম্পানি গঠন করতে হবে।

বিলে বলা হয়েছে, পিপিপি প্রকল্পে কোনও বিরোধ দেখা দিলে প্রথমে পারস্পরিক সম্মতিতে তা নিষ্পত্তির চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে তৃতীয় কোনো মধ্যস্থতাকারীর সহায়তা নিতে হবে। এরপরও সমাধান না হলে সালিশের বিধান রাখা হয়েছে।

পিপিপি কার্যক্রমের পর্যালোচনা, তত্ত্ববধান, প্রকল্পের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ থাকবে। অর্থমন্ত্রী এর সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এর সদস্য সচিব হবেন।

বিলে বলা হয়েছে, “পিপিপি প্রকল্পে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার জন্য সরকার তথা অর্থ বিভাগ, মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে, সরকারি গেজেটে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা প্রণোদনা ঘোষণা করতে পারবে।”

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, বিভিন্ন খাতের অবকাঠামো নির্মাণসহ সেবাখাতে বিনিয়োগ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো দিতে এ আইন করা হচ্ছে।

বর্তমানে পিপিপির আওতায় বিভিন্ন খাতে ৪২টি প্রকল্পের বাস্তবায়ন চলছে বলেও মন্ত্রী জানান।

প্রস্তাবটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।