ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানিমুখী পোশাক খাতসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সা¤প্রতিক দুর্ঘটনা ও সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প মালিকরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার, মেট্রোপলিটান চেম্বার ঢাকা, চট্টগ্রাম চেম্বার ও বাংলাদেশ চেম্বারের সভাপতিরা রোববার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশসনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হয়। এরপর সাভারের কয়েকটি কারখানায় ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে।
এছাড়া পাওনাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়াসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের অসন্তোষ থেকে সংঘাতও হয়েছে।
ব্যবসায়ীদের বিবৃতিতে বলা হয়েছে, “দেশের গার্মেন্টসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিরাজমান অস্থিরতায় সমগ্র ব্যবসায়ী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। ব্যবসায়ী সমাজ মনে করে সরকার, উদ্যোক্তা ও শ্রমিক নেতারাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের অনাকাক্সিক্ষত অস্থিরতা দূর করা যেতে পারে।”
অস্থিরতা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর আরো সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
“সকলের সম্মিলিত প্রচেষ্টায় গার্মেন্টসহ সব শিল্পখাতে বিরাজমান অস্থিরতা অচিরেই দূর হবে এবং কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।”
বিবৃতিতে এই পাঁচ ব্যবসায়ী সংগঠন তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/০০৫৩ ঘ.
bdnews24