২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনকে আবার চিঠি বিটিআরসি'র

গ্রামীণফোনকে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনায় বসতে আবারো চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনকে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনায় বসতে আবারো চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি'র মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মঙ্গলবার দুপুরে ফ্যাক্সে এবং বার্তাবাহক দিয়ে গ্রামীণফোনকে এ চিঠি পাঠানো হয়।" গত ৩ অক্টোবর পাওনা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠিতে যে ২১ দিন সময় বেধে দেওয়া হয়েছিল তার মধ্যে গ্রামীণফোনকে আলোচনায় বসার কথা মঙ্গলবারের চিঠিতে বলেছে বিটিআরসি। এ হিসেবে আলোচনাটি আগামী ২৪ অক্টোবরের মধ্যে হওয়ার কথা। চিঠি পেয়েছেন জানিয়ে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিঠির ব্যাপারে আগামীকাল বুধবার গ্রামীণফোনের অবস্থান জানানো হবে।" বিটিআরসি'র মঙ্গলবারের চিঠিতে পাওনা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠি প্রত্যাহার করতে গ্রামীণফোনের দেওয়া শর্ত নিয়ে কিছু বলা হয়নি। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের আপত্তি স্পষ্ট করতে প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে আসতে বলা হয়েছে। একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৩ অক্টোবর বিটিআরসি ৩ হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এরপর গ্রামীণফোন ওই নিরীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। এর আগে নিরীক্ষার বিষয়ে আলোচনা করতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে আলোচনায় বসতে গত ৫ অক্টোবর চিঠি দেয় বিটিআরসি। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের আপত্তির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে আসতে বলা হয়। এ প্রেক্ষিতে বিটিআরসি-গ্রামীণফোনের বৈঠক হয় সোমবার। ওই বৈঠকে নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি প্রত্যাহারের শর্ত দেয় গ্রামীণফোন। নিরীক্ষা প্রতিবেদন ধরে বিটিআরসি বলছে, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণফোন (জিপি) ৩৮ হাজার ৯৮৪ কোটি টাকা আয় করেছে। এ হিসাবে এর ২ হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি ১ হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। পাওনা রয়েছে সুদসহ ৩ হাজার ৩৪ কোটি টাকা। চিঠি পাঠানোর পরদিন এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন বলে, যে নিরীক্ষার ভিত্তিতে গ্রামীণফোনকে সরকার ৩ হাজার কোটি টাকা পরিশোধ করতে বলেছে তা 'ভুল ধারণার ভিত্তিতে' হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের ভিত্তিতে গ্রামীণফোনের নিরীক্ষা হয়নি বলেও দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯১০ ঘ.