২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক বেসরকারিকরণ কার্যক্রম সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশ আপীল বিভাগে স্থগিত

রুপালী ব্যাংকের শেয়ার বেসরকারী খাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত দরপত্র কার্যক্রমের উপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপীল বিভাগ মঙ্গলবার এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রাষ্ট্রায়ত রূপালী ব্যাংককে বেসরকারী খাতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে প্রাইভেটাইজেশন কমিশন ওই দরপত্র আহ্বান করে।

প্রাইভেটাইজেশন কমিশনের দায়েরকৃত একটি আবেদনের শুনানি শেষে আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবীর চৌধুরী পিটিশন দায়েরকারীকে এ বিষয়ে একটি নিয়মিত পিটিশন জমা দেওয়ারও নির্দেশ দেন।

রূপালী ব্যাংকের আইনজীবী ড. এম জহির সাংবাদিকদের বলেন, এই স্থগিতাদেশের ফলে সরকার পরিচালিত বেসরকারিকরণ প্রক্রিয়া অব্যাহত রাখার অনুমতি দেবে। 

ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং এটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলী যথাক্রমে প্রাইভেটাইজেশন কমিশন এবং সরকারের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন। অপরদিকে রীট পিটিশনার এবিএম আবু তাহেরের পক্ষে ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী।

রূপালী ব্যাংকের শেয়ারহোল্ডার এবিএম আবু তাহের সোমবার ব্যাংকটির শেয়ার বিক্রয় সংক্রান্ত সরকারী কার্যক্রমের ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন।

এ বিষয়ে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, রিট পিটিশনারের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত ব্যাংকের বর্ধিত সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকটির শেয়ার বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়।

আমরা রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানী থেকেও অনুমোদন পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, প্রাইভেটাইজেশন কমিশন ব্যাংকটি বিক্রির সকল কার্যক্রম নির্দ্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে সক্ষম হবে।

এর আগে সোমবার সৌদি আরবের প্রিন্স বন্দর বিন মোহাম্মদ আব্দুল রহমান আল সৌদ, মালোয়েশিয়ার এমএএ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লিমিটেড, যুক্তরাজ্যের জেজে ফিন্যান্স লিমিটেড এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম ব্যাংকটি ক্রয়ের জন্য দরপত্র জমা দেয়।

প্রস্তাবগুলো আগামী এক সপ্তাহের মধ্যে মূল্যায়ন করতে পারবে বলে প্রাইভেটাইজেশন কমিশন আশাবাদী।

সরকার ব্যাংকটির ৯৩ দশমিক ২৬ ভাগ শেয়ারের মধ্যে ৬৭ দশমিক ২৬ ভাগ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে।