মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী আসছেন ঢাকায়
বাংলাদেশ সফরে আসছেন তৈরি পোশাক, ফ্যাশন এবং বস্ত্র শিল্পখাতে প্যারিসের বিখ্যাত দুই প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড’ ও ‘অ্যাপারেল সোর্সিং’র আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল শেরপে।
আগামী রোববার ঢাকা সফরে এসে পরদিন রাজধানীর একটি হোটেলে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শেরপে।
আন্তর্জাতিকভাবে তৈরি পোশাক প্রদর্শনীর আয়োজক মেসে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশ চ্যাপ্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই সফরের কথা জানানো হয়।
এতে বলা হয়, সফরকালে শেরপে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজেইএমই) সহ তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
একইসঙ্গে বাংলাদেশের চামড়াজাত পণ্য রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ও কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা কথা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিং বছরে দুইবার অনুষ্ঠিত হয় প্যারিসে। তৈরি পোশাক, ফ্যাশন এবং বস্ত্র শিল্প খাতে একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী এটি। এ প্রদর্শনীতে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, তুরস্ক ও ইতালি থেকে ক্রেতারা আসেন।
ইউরোপের সবচেয়ে বড় তৈরি পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। গত প্রদর্শনীতে বাংলাদেশ থেকে টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিং প্যারিসে ৩০টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নেয়।
২০১৫ সালের ওই প্রদর্শনীতে ইউরোপ, উত্তর অ্যামেরিকা, এশিয়ার ১৯ হাজার প্রদর্শক অংশ নেয়।
শেরপের এই সফর বাংলাদেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের বর্তমান রপ্তানি এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
মেসে ফ্রাঙ্কফুর্ট গ্রুপের নেটওয়ার্কে প্রায় ৩০ টি সাবসিডিয়ারি এবং প্রায় ৫৫ জন আন্তর্জাতিক সেলস পার্টনার আছে। বিশ্বের ৫০টিরও বেশি স্থানে এখন পর্যন্ত ইভেন্টের আয়োজন করেছে মেসে ফ্রাঙ্কফুর্ট।
২০১৫ সালেই মেসে ফ্রাঙ্কফুর্ট ১৩৩টিরও বেশি বাণিজ্য মেলার আয়োজন করে। মেসে ফ্রাঙ্কফুর্ট একটি জন মালিকানাধীন প্রতিষ্ঠান, যার ৬০ শতাংশ আছে ফ্রাঙ্কফুর্ট শহরের নামে আর বাকি ৪০ শতাংশ হেস রাজ্যের মালিকানায়।
