৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমায় ৫% প্রণোদনা, স্মরণ করাল এনবিআর
দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিলে কোনো ছাড় মিলবে না, তৃতীয় আর চতুর্থ প্রান্তিকে দিতে হবে জরিমানা।
আগামী ৩০ সেপ্টম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতার আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলে ৫ শতাংশ ছাড় থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর।
কর পরিশোধে উৎসাহ দিতে নতুন করে এ বিধান চালুর কথা জানিয়ে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।
নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে বা চলতি করবর্ষের প্রথম প্রান্তিকের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণীর করদাতারা করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) ছাড় পাবেন।
তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ছাড় মিলবে না।
চলতি অর্থবছরের বাজেটের সময় অর্থ আইনে এ পরিবর্তন এনেছিল এনবিআর।
তৃতীয় প্রান্তিক, অর্থাৎ ০১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিলে ২ শতাংশ (সর্বোচ্চ ৩ হাজার টাকা) অতিরিক্ত অর্থ দিতে হবে জরিমানা হিসেবে।
সবশেষ চতুর্থ প্রান্তিক বা ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে জরিমানা বেড়ে হবে করের ৫ শতাংশ (সর্বোচ্চ পাঁচ ৫ হাজার টাকা)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা দেওয়ার ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন, কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে।”
সংস্থাটি গত ২২ জুলাই তারিখ থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে।
করদাতারা অনলাইনে (www.etaxnbr.gov.bd) ঘরে বসেই রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন।
