১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধান কার্যালয় করতে ৮০০ কোটি টাকায় ভবন কিনছে পূবালী ব্যাংক

ভবন কিনতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পরিকল্পনার তথ্য দিয়েছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 07:51 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

রাজধানীর মতিঝিল থেকে গুলশান এলাকায় সরে যাচ্ছে আরেকটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয়। 

গুলশান হাতিরঝিল পুলিশ প্লাজার কাছে নিকুঞ্জের শেষ সীমানায় সুইসোটেলের জন্য নির্মাণাধীন ২৬ তলা ভবনটি কিনে সেখানে প্রধান কার্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের পূবালী ব্যাংক বলেছে, প্রধান কার্যালয় স্থাপনের জন্য ব্যাংকের পরিচালক পর্ষদ বুধবার ভবনটি কেনার সিদ্ধান্ত নেয়। এর জন্য কর ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ৮০০ কোটি টাকা ব্যয় হবে।

ভবন কিনতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পরিকল্পনার বিষয়েও তথ্য দিয়েছে ব্যাংকটি।

বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত ব্যাংকপাড়া বলে খ্যাত দিলকুশায়। পুলিশ প্লাজার সামনে তেজগাঁও লিংক সড়কে তিনটি বেইজমেইন্টসহ ২৬ তলা ভবনটি নির্মাণ করা হচ্ছিল সুইসোটেল নামে। এর বিনিয়োগকারী ছিল বেঙ্গল গ্রুপ। এটির চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম, যিনি ৫ অগাস্টের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। 

ভবনটির পুরো কাঠামো গড়ে তোলা হলেও আনুসঙ্গিক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ভবন বিক্রির সিদ্ধান্ত হওয়ায় এখানে আর হচ্ছে না সুইসোটেল। এই ভবনের পাশেই রয়েছে হাতিরঝিল উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়।