Published : 14 Sep 2026, 07:59 PM
অস্বাস্থ্যকর জারে পানি সরবরাহ এবং মানসনদ না থাকার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের ছয় শতাধিক পানির জার ধ্বংস করেছে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’ (বিএসটিআই)।
সোমবার ঢাকার আরামাবাগে ‘বিশেষ সার্ভিল্যান্স অভিযানে’ এসব জার ধ্বংস করা হয় বলে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিএসটিআই বলেছে, আজোয়ান ড্রিংকিং ওয়াটার ও আরএসওয়াই এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠান দুটি স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। বিএসটিআইয়ের মান সনদ ছাড়া বাজারজাত করা হচ্ছিল অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি। পরে এসব পানির জার ধ্বংস করা হয়।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, “বিএসটিআই পণ্যের মান সনদ দেওয়ার পাশাপাশি নকল ও ভেজাল রুখতে সার্ভিল্যান্সের মাধ্যমে কঠোর নজরদারি চলমান রেখেছে।
“যেখানে মানহীন ও ভেজাল পণ্যের সন্ধান পাব, সেখানেই আমাদের অভিযান চলবে।”