১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ, এমডির ‘দেশত্যাগের’ গুঞ্জন

“সালমান কাউকে না জানিয়ে বিদেশে পালিয়ে যান। তিনি কর্মীদের হোয়াটসঅ্যাপে কোম্পানি বন্ধের কথাও জানান,” জিডিতে বলেন কোম্পানির কর্মকর্তা  সাঈদ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 01:02 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

অনলাইনে উড়োজাহাজের টিকেট বুকিংয়ের প্ল্যাটফর্ম— ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। 

সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ দেশত্যাগ করেছেন। 

এ খবর চাউর হওয়ার পর কোম্পানিটির যুক্ত গ্রাহক ও টিকেট বিক্রেতা এজেন্সি মালিক, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন, তারা মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে এসে ভিড় করেন।

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইট এক্সপার্টের যিনি এমডি, সম্ভবত অফিসে আসছেন না; আত্মগোপনে চলে গেছেন। শুনতে পাচ্ছি যে বিদেশ চলে গেছেন। 

“যারা ভুক্তভোগী তারা সবাই এসে অফিসে ভিড় জমিয়েছিলেন। তবে এখন কোনো বিশৃঙ্খলা নেই।”

পুলিশের কাছে এখনো কোনো গ্রাহক বা ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি বলেও জানান ওসি। 

তিনি বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি; আমরা খোঁজ-খবর নিচ্ছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” 

এ ঘটনায় মতিঝিল থানায় ফ্লাইট এক্সপার্টের হেড অব কমার্শিয়াল সাঈদ আহমেদ একটি জিডি করেছেন বলে জানান ওসি।

জিডিতে তিনি অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক সালমান শনিবার কাউকে কিছু না জানিয়ে পরিবারসহ বিদেশে ‘পালিয়ে’ যান। তিনি কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোম্পানি বন্ধের কথাও জানিয়েছেন। 

এ বিষয়ে জানতে সালমান বিন রশিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। তারা দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিত। 

সাশ্রয়ী মূল্যে টিকেট বুক করার সুবিধা দেওয়ায় এটি গ্রাহকদের কাছে বেশ পরিচিতি পায়।