১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদেশে চিকিৎসার জন্য এখন নেওয়া যাবে ১৫ হাজার ডলার

নতুন অনুমোদিত সীমার মধ্যে গ্রাহক সর্বোচ্চ নগদে নিতে পারবেন ৫ হাজার ডলার।

বিদেশে চিকিৎসার জন্য এখন নেওয়া যাবে ১৫ হাজার ডলার
চীনে বাংলাদেশিদের চিকিৎসায় নতুন সূচনার অংশ হিসেবে গত ১০ মার্চ রোগীদের প্রথম দল কুনমিংয়ে যাওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 06:54 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের খরচ বেড়ে যাওয়ায় দেশ থেকে প্রধান বৈদেশিক মুদ্রা ডলার নেওয়ার সীমা ৫ হাজার মার্কিন ডলার বাড়ানো হয়েছে।

এখন থেকে প্রতিবার চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার নেওয়া যাবে বলে এক সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ সীমা ছিল ১০ হাজার ডলার। 

সোমবার এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, নতুন অনুমোদিত সীমার মধ্যে গ্রাহক সর্বোচ্চ নগদে নিতে পারবেন ৫ হাজার ডলার। বাকি অর্থ ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে নেওয়া যাবে।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসার জন্য বাইরে ডলার নিয়ে যাওয়ার আবেদন পড়ছে বেশি। ভারত ছাড়া থাইল্যান্ডসহ আরও অনেক দেশে চিকিৎসা নেওয়ার চাহিদা বেড়েছে। সেসব দেশে চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে এই সীমা বাড়ানো হয়েছে।

বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই ওই দেশের হাসপাতাল কিংবা চিকিৎসক বা বিশেষজ্ঞ পরামর্শকের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া লাগবে, যোগ করেন ওই কর্মকর্তা।

সার্কুলারে বলা হয়েছে, চিকিৎসার জন্য ১৫ হাজার ডলারের বেশি দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমতি নেওয়া লাগবে।