২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৩ বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের ইজারা বাতিল

“এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা নেওয়ার অভিযোগও রয়েছে,” বলছেন বেবিচকের এক কর্মকর্তা।

৩ বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের ইজারা বাতিল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ঢাকার শাহজালালসহ দেশের তিন বিমানবন্দরের ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা নবায়ন করবে না বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

ফলে নতুন অর্থবছরে (২০২৫-২৬) বিমানবন্দরে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন। 

এছাড়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধে বেবিচকের আদেশের একটি কপিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে। 

আদেশ অনুযায়ী, ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।

এ তালিকায় রয়েছে— এরোস ট্রেডিং, সজল এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, এ ফাইভ রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোং, শিরিন এন্টারপ্রাইজ, মেসার্স হাওলাদার অ্যান্ড সন্স, মেসার্স অথৈ এন্টারপ্রাইজ, ওলফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন ও ডিপার্টম্যান্ট এস কনসালটিং।

বাকি দুটি প্রতিষ্ঠান হল—  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্যালকন এজেন্সি এবং নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিম। 

এসব প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ সোমবার (৩০ জুন) মধ্যরাতে শেষ হবে। 

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ২৯ জুন ডাকযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। সোমবার নোটিশও জারি করা হয়।

বেবিচকের ওই কর্মকর্তা বলেন, “এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ ফাঁকি দেওয়া এবং আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে ইজারা নেওয়াসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। 

“কয়েকটি প্রতিষ্ঠানের মালিক পলাতক। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”